জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি একা কোনো পরিবর্তন আনতে পারবে না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে, সকলের অংশগ্রহণ নিশ্চিত করেই আমরা একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে পারব। গত শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের কাজীর দেউড়ি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এর আগে ওইদিন সকালে আমির খসরু রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
খাবার বিতরণ অনুষ্ঠান : খাবার বিতরণ অনুষ্ঠানে আমির খসরু বলেন, আমরা আজ এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি, যার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। এই সার্কিট হাউজেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু তাঁকে হত্যা করেও তাঁর আদর্শ ও দর্শনকে মুছে ফেলা যায়নি। তিনি বাংলাদেশে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ–দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে, জনগণই দলের মূল শক্তি। তাদের স্বার্থ, চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাদের জন্য আমরা রাজনীতি করি, সেই সাধারণ মানুষকে কখনো ভুলে গেলে চলবে না। তাদের সুখ–দুঃখ আমাদের ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাঁর শাসনামলে দেশে অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। পোশাক শিল্পকে বিকশিত করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন। তাঁর বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের আপামর জনসাধারণকে এক নতুন পরিচয়ে পরিচিত করেছিল।
শ্রদ্ধা নিবেদন শেষে অর্থমন্ত্রী যা বললেন : জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু বলেন, জিয়াউর রহমানের যে স্পিরিট, দেশের স্বাধীনতা, প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম বিপ্লবী, স্বাধীনতার ঘোষক, যিনি মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন। আজকে তার প্রথম সমাধিস্থলে আমরা সম্মান জানাতে এসেছি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছি। তিনি আজ শুয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সংসদের পাশে। যে গণতন্ত্রের জন্য তিনি একদলীয় শাসন থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছেন, আজকে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধক্ষেত্রে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি প্রথম রিভল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে দেশ সেদিকে চলছে। দেশ গড়ার যে স্বপ্ন তারেক জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি সবাই মিলে।
খসরু বলেন, জিয়াউর রহমান স্বাধীন সার্বভৌম আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই বাংলাদেশ গড়ার সুযোগ আবার পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে। আমরা সবাই মিলে দেশ গড়ব।
দলের নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালনা করা সম্ভব নয়। দেশ গড়ার যে প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন, তা বাস্তবায়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আবার এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন। জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।












