চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসনের সাথে নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধিদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এসময় চুয়েটের পক্ষে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির (আইইটি) পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। নরওয়েজিয়ান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন হেনরিক এংমো, লিনেয়া ডাল এবং ঢাকা রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক ও বাণিজ্য উপদেষ্টা সৈয়দ মুনতাসির বায়জিদ। উল্লেখ্য, চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় আগামী ৬ আগস্ট ভিন্ন মেয়াদে নরওয়ে যাচ্ছেন চুয়েটের চার শিক্ষার্থী। শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে চুয়েটের ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, নরওয়েতে শিক্ষা ও গবেষণার এ সুযোগ শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান দেশের কল্যাণে এবং চুয়েটের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা রইল।












