‘চিকিৎসকের অবহেলায়’ রোগীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোঃ শহিদুল করিম মানিক (৪২) নামে চিকিৎসা নিতে আসা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে পশ্চিম মেখল আব্দুর রশিদ সারেং এর বাড়ীর মৃত নুরুচ্ছালামের পুত্র সিএনজি টেক্সিচালক মোঃ শহিদুল করিম মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তার পেটে ব্যথা ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসাকরা রোগীর জন্য স্যালাইন সহ ওষুধপত্র ওষুধের দোকান থেকে ক্রয় করে নিয়ে আসার জন্য একটি স্লিপ দেন। স্বজনরা অভিযোগ করা হয়, চিকিৎসকের পরামর্শ অনুসারে রোগীর জন্য ওষুধপত্র নিয়ে আসলেও যথাসময়ে রোগীকে চিকিৎসা না দেওয়ায় শহিদুল করিম মারা যান। এই সংবাদ প্রচারিত হওয়ার পর কিছু লোক স্বাস্থ্য কমপ্লেক্স এর বেশ কয়েকটি জানালা ও কাঁচের দরজা ভাঙচুর করেন।

পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কুমার মজুমদার গণমাধ্যমকে জানান, রোগীকে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরও চিকিৎসায় কোনো অনিয়ম ছিল কিনা তা তদন্ত করা হবে। হাসপাতালের জরুরি বিভাগ ও লেবার রুম সহ বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানান। হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, এক রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর সহ উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, রোগীর আত্মীয়স্বজনকে বিনা ময়নাতদন্তে মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে চোরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
পরবর্তী নিবন্ধসমাধানের উপায় খুঁজতে বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন