চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মুহাম্মদ জসিম উদ্দীন (৩০)। দুর্ঘটনায় আহত অপর শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে রাউজানের গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালের সামনে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের পাশ থেকে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। নিহত জসিম উদ্দীন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খতিব নগর এলাকার নুরুল আলমের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জসিম ও তাঁর এক সহকর্মী চট্টগ্রাম শহরে ট্রাকে মালামাল লোড–আনলোডের (লেবার) কাজ করতে গিয়েছিলেন।
কাজ শেষে যে ট্রাকে তাঁরা গিয়েছিলেন সেটি ফিরতে দেরি করায় অন্য একটি ট্রাকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় পৌঁছালে ট্রাকটি ফ্লাইওভারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিকই গুরুতর আহত হন। নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে চালক অত্যন্ত অমানবিক আচরণ করেন। তিনি মুমূর্ষু অবস্থায় দুজনকে রাউজানের গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালের সামনে রাস্তার পাশে ফেলে রেখে সটকে পড়েন। ট্রাকচালকের চরম অবহেলা ও সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে জসিমের মৃত্যু হয়। আহত অপর শ্রমিকের চিকিৎসাও চমেক হাসপাতালে চলছে, তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।












