শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ২–১ গোলে আলকরন নুর আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তৌহিদ হোসেন ও মেহেদী হাসান এবং বিজিত দলের পক্ষে তৌহিদুল ইসলাম জাবেদ ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ চর চাক্তাই স্কুলের তৌহিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সদস্য মুজিবুল হক। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় হোসেন আহমদ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এবং রেলওয়ে হাসপাতাল সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যকার অপর ম্যাচটি ২–২ গোলে ড্র হয়। হোসেন আহমদ স্কুলের পক্ষে রুহুল আমিন রাফি ও সোহরাওয়ার্দী ও রেলওয়ে স্কুলের পক্ষে মেহেদী হাসান হৃদয় ও ফরহাদ সিকদার সোহাগ ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে স্কুলের মেহেদী হাসান হৃদয়ের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব রানা। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৫–০ গোলে হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা স্বপ্নিল দাশ, চয়ন দাশ, অজয় চৌধুরী ও তীব্র। ১টি গোল আত্মঘাতি। খেলার ম্যান অব দ্যা ম্যাচ অজয় চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন। বিকালে অনুষ্ঠিত ৪র্থ ও শেষ ম্যাচে মাইজপাড়া মাহমুদুন্নবী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৪–৩ গোলে দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আরাফাত উদ্দিন ও ইয়াছিন ইসলাম ২টি করে গোল দেন। বিজিত দলের পক্ষে হারুনুর রশীদ, মো. সিয়াম ও সাহেদ ১টি করে গোল করেন। খেলা শেষে মাইজপাড়া মাহমুদুন্নবী স্কুলের ইয়াছিন ইসমাইল রিফাতের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান।











