চবিতে নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস রেলমন্ত্রীর

চবি প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান চেয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। গত শনিবার রাত দশটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শাখা ছাত্রদলের সহসভাপতি আজিজুল হক মামুন, প্রচার সম্পাদক ও শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আব্দুল্লাহ আল নোমান রেলমন্ত্রীর কাছে শাটলে শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। পাশাপাশি নতুন শাটল ট্রেন, বিদ্যামান শাটলে বগি বৃদ্ধি ও শাটলে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। এসময় মন্ত্রী নতুন শাটল ও বগি বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবেগের জায়গা হলেও তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শাটলে আসন সংকট, নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে এসব সমস্যার চিত্র তুলে ধরেছি। ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী এই শাটলে চলাচল করে। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে এক জোড়া নতুন শাটল ট্রেন ও বিদ্যমান শাটলে অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানিয়েছি। পাশাপাশি শাটলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি। ছাত্রনেতা নোমান আরও জানান, রেলমন্ত্রী আমাদের দাবি মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি শিগগিরই নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
পরবর্তী নিবন্ধজিইসি মোড়ে চলন্ত বাসে আগুন, নামতে গিয়ে নারী আহত