চবিতে চালু হলো পূর্ণাঙ্গ পেপারলেস পেমেন্ট ব্যবস্থা

ঘরে বসেই বিল পরিশোধ

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে পেমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে সব ধরনের পেমেন্ট (পেপারলেস) সম্পন্ন করতে পারবে এবং বাকি সব প্রক্রিয়া সম্পন্ন করবে একাউন্টস অফিস।

গতকাল সোমবার চাকসুর উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোনালী ব্যাংক পিএলসি’র সঙ্গে সমঝোতার মাধ্যমে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করেছিল। সেখানে শিক্ষার্থীরা পেমেন্ট করার পর একটি পিডিএফ জেনারেট হতো, যা প্রিন্ট করে আবার একাউন্টস অফিসে জমা দিতে হতো। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি কমার পরিবর্তে আরও বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চাকসুর উদ্যোগে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয় এবং পিডিএফ প্রিন্ট ও জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করা থেকেই শিক্ষার্থীরা ভোগান্তিতে ছিল। পরে অনলাইন পেমেন্ট চালু হলেও পিডিএফ প্রিন্ট ও জমার ঝামেলায় সমস্যা আরও বেড়ে যায়। আমরা সোনালী ব্যাংকের হাটহাজারী এরিয়া ম্যানেজারসহ সংশ্লিষ্টদের নিয়ে রেজিস্ট্রার স্যারের সঙ্গে আলোচনা করি। এরপর সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীরা শুধু পেমেন্ট করবে, বাকি সব কাজ একাউন্টস অফিস সম্পন্ন করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ঘরে বসেই পেমেন্ট করতে পারবে। একাউন্টস অফিস বাকি সব কাজ সম্পন্ন করবে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আমরা আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি’র রজত জয়ন্তী ও বৈশাখী উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধসবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধনা