চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নাট্যকর্মী মোহাম্মদ রাসেল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বিগত কার্যকরী পরিষদের সভাপতি খালেদ হেলাল এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি শুভ্রা বিশ্বাস। প্রথম পর্ব সঞ্চালনা করেন বিগত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম এবং দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল কবীর লিটন।
স্বাগত বক্তব্যে মুহাম্মদ শাহ্ আলম আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামের নাট্য আন্দোলন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। বিগত কার্যকরী পরিষদের সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম এবং অর্থ সম্পাদক রঘু নন্দী আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উভয় পক্ষ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন।
শুভেচ্ছা বক্তব্যে নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, মুনির হেলাল, রবিউল আলম, ড. কুন্তল বড়ুয়া এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ চৌধুরী নবনির্বাচিত কার্যকরী পরিষদকে অভিনন্দন জানান। নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শামসুল কবীর লিটন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, নাট্যকর্মীদের সহযোগিতা নিয়ে ১৬টি নাট্য–সংগঠনের মিলিত বৃহত্তর এই প্লাটফরম ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও গতিশীল করে তুলতে নবনির্বাচিত পরিষদ আন্তরিকভাবে কাজ করবে।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি শুভ্রা বিশ্বাস বলেন, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সাংগঠনিক মূল্যবোধকে ধারণ করে আমরা চট্টগ্রামের নাট্য আন্দোলনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করব। প্রেস বিজ্ঞপ্তি।












