‘শুদ্ধতার সন্ধানে বন্ধুর পথ চলা’ এই প্রত্যয়কে ধারণ করে চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘স্ফুরণ সাংস্কৃতিক উৎসব’। কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ উৎসব ধর্মীয় মূল্যবোধ, জ্ঞানচর্চা ও সুস্থ সংস্কৃতির অনন্য সমন্বয়ে পরিণত হয়।
বিভাগের শিক্ষার্থী নিজাম উদ্দীন আকবরীর পরিবেশনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আকরাম হাদীর নেতৃত্বে কলেজ কাওয়ালী দলের কাওয়ালী পরিবেশনা ছিল। বিভাগের শিক্ষার্থী আবরার আব্দুল্লাহর স্ক্রিপ্ট ও নির্দেশনায় বিভাগের সাংস্কৃতিক দলের পরিবেশনায় মঞ্চনাটক ‘যদি আরেকবার সুযোগ পেতাম’ মঞ্চায়িত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত ইকবাল ফারুকী ও শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এরশাদ উল্লাহ। সভাপতিত্ব করেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এনায়েতুল্লাহ। বক্তারা বলেন, সংস্কৃতি মানুষের চিন্তা, চেতনা ও মূল্যবোধ নির্মাণ করে। তাই তরুণ প্রজন্মের মাঝে সুস্থ, শালীন ও নৈতিকতাভিত্তিক সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানো জরুরি। শেষ পর্বে ছিল পুরস্কার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।













