চট্টগ্রামের মহাপরিকল্পনা নিয়ে সিডিএ ও রিহ্যাবের মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা (২০২৫-২০৫০) নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের মধ্যে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রিহ্যাবের রিজিওনাল অফিসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।

সভায় খসড়া মহাপরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের পরিচালক মো. আবু ঈসা আনছারী। মহাপরিকল্পনায় চট্টগ্রাম শহরকে সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা পর্যন্ত বর্ধিত করে আলাদা জোন আকারে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।

সভাপতির বক্তব্যে মোরসেদুল হাসান বলেন, বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। ছোট আয়তনের এই দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করছেন রিহ্যাব সদস্যরা। এ খাতকে এগিয়ে নিতে তিনি সিডিএর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রামে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণে গুরুত্ব দেন। তিনি বলেন, এ শহরকে নান্দনিক করে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব। মতামত, পরামর্শ ও সহযোগিতার জন্য তিনি রিহ্যাবকে ধন্যবাদ জানান।

সভায় বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্থ্ বিনতে নুর এবং কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী।

আলোচনায় অংশ নেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম ও আশীষ রায় চৌধুরী, রিহ্যাব সদস্য ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ও মুফাখখারুল ইসলাম খসরু, সিডিএর মাস্টার প্ল্যান প্রকল্পের উপপরিচালক ড. নুরুল ইসলাম এবং কনসালট্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভা সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নুর মোহাম্মদ ও এস এম শহীদুল্লাহ, সিডিএর সদস্য (ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং) মোহাম্মদ জামিলুর রহমান, সিডিএর প্রাক্তন প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের কনসালট্যান্ট শাহিনুল ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান, কনসালট্যান্ট মো. সাইমুম ইসলাম, উইকন প্রপার্টিজ লিমিটেডের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার এবং ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের পরিচালক ইঞ্জিনিয়ার কায়েস উর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধমায়ানমারে পাচারকালে ২ ট্রাক ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক