চকরিয়ায় শিশুকে ধর্ষণের পর আটক ৫৬ বছরের বৃদ্ধ

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ছয় বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত কামাল উদ্দিনকে (৫৬) আটক করেছে পুলিশ।

রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আটক কামাল উদ্দিন কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকার বাসিন্দা। তাকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

শিশুটির পরিবারের অভিযোগ, নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কামাল উদ্দিন শিশুটিকে পাশের একটি তামাক শোধন চুল্লির কাছে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন। শিশুটির মা বলেন, পরিচিত হওয়ায় নাস্তার লোভ দেখালে শিশুটি তার সঙ্গে যায়। সেই সুযোগেই এই পাশবিক ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযুক্ত কামাল উদ্দিনকে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবকেয়া বেতন দাবিতে আজিম গ্রুপের শ্রমিকদের আন্দোলন
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা