চকরিয়ায় ঝগড়ার সময় বন্ধুর ঘুষিতে শিশু নিহত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৯:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী শিশুর ঘুষিতে প্রাণ হারিয়েছে তারেকুর রহমান নামের ১০ বছরের এক শিশু।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।

নিহত তারেক ওই সড়কের এক পানের দোকানদার নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে- নিহত তারেকুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের পুত্র।

স্থানীয়রা জানান- পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ওই পানের দোকানদার দাদার সাথে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় অদূরে। সেখানে সমবয়সী বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে প্রাণ হারায় সে।

তবে বিষয়টি এখনো (সকাল সাড়ে ৯টা) পর্যন্ত অবগত নয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান। তিনি বলেন- বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়াসহ বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ৫ সেপ্টেম্বর