গোলপোস্টে মিলিতে মুগ্ধ কোচ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমাকে একাদশের বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে তরুণ গোলকিপার মিলি আক্তারকে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দল হারলেও নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ গোলরক্ষক। বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলারের চোখে মিলি একজন লড়াকু ফুটবলার, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। উত্তর কোরিয়ার কাছে পাঁচবার পরাস্ত হলেও ম্যাচ জুড়ে দারুণ কিছু সেভ করেছেন মিলি। বাংলাদেশ সেনাবাহিনীর এই গোলকিপারের প্রশংসা করলেন বাটলার। ‘মিলি দারুণ ব্যক্তিত্বের অধিকারী এবং সে একজন সৈনিক। তার জেদ ও উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সাথে কাজ করা দারুণ, সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে। মাঝে মাঝে তাকে অনেক চাপের মুখে পড়তে হয়েছে, তবে হ্যাঁ, এশিয়ান কাপের মতো এই স্তরে আসার পর আমাদের গোলকিপিং বিভাগটি একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মিলির ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং মাটিতে পা রেখে চলতে হবে, খুব বেশি রোমাঞ্চিত হওয়া যাবে না।’ গতকাল স্কোরলাইন আরও বড় হতে পারত, যদি না গোলবারের নিচে দৃঢ়ভাবে দাঁড়িয়ে একের পর এক সেভ করতেন মিলি। পুরো ম্যাচে অন্তত পাঁচটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি।

রুপনা চাকমা দীর্ঘদিন ধরে বাংলাদেশের এক নম্বর গোলকিপার হলেও এশিয়ান কাপের প্রথম দুই ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে মিলিকে। কোচ বাটলার মনে করেন, এই সুযোগ পাওয়ার যোগ্যতা মিলির ছিলই। তিনি বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য। তাকে নিয়ে আমার শুধু প্রশংসাই আছে। অবশ্য মাঝে মাঝে তাকে বেশ কঠিন পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে।’ এশিয়ান কাপের মতো উচ্চমানের প্রতিযোগিতায় গোলকিপিং বিভাগ নিয়ে কিছুটা চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন বাটলার। তবে মিলির সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি। বাটলারের ভাষায়, ‘এই পর্যায়ের টুর্নামেন্টে আমাদের গোলকিপিং বিভাগ কিছুটা দুর্বলতা দেখিয়েছে। কিন্তু মিলির সামনে ভালো ভবিষ্যৎ রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-২০ ক্রিকেট লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধবড় হারে লজ্জার কিছু দেখছেন না কোচ বাটলার