গুরু-শিষ্যের লড়াই বিশ্বকাপ ফাইনালে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

স্পেনিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। কোচিংয়ের পাঠটা যে স্পেনের কোচের কাছ থেকেই নিয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপের ফাইনালে গুরুর মুখোমুখি হওয়ার আগে বিশেষ এক অনুভূতি কাজ করছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচের। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চেয়েছিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। আর সেমিফাইনাল ম্যাচের আগে স্কালোনি বলেছিলেন, ফাইনালে উঠতে না পারলে গুরুকে কল দেবেন তিনি। কিন্তু এখন তো দে লা ফুয়েন্তের দলের বিপক্ষেই লড়তে হবে তাকে। ইংল্যান্ডকে হারানোর পর স্কালোনি তুলে ধরেন দে লা ফুয়েন্তের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা। ‘লুইস শুধু আমার কোচিং কোর্সের শিক্ষকই ছিলেন না, তার সঙ্গে আমার বিশেষ একটি সম্পর্কও রয়েছে। এখন ফাইনালে আমরা একে অপরের মুখোমুখি হচ্ছি। কাতার বিশ্বকাপের পর একটি ফোরামে তার সঙ্গে আমার বিশেষ একটি আলাপ হয়েছিল। সবাই জানে, আমি স্পেনে থাকি এবং আমার পরিবারও সেখানে থাকে। তবে রোববারের ম্যাচে তার জন্য আমার খারাপই লাগবে।’ ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় স্পেনে কাটিয়েছেন মেসি। বার্সেলোনার কিংবদন্তি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে এই মহাতারকার খেলার উপভোগ করবেন স্প্যানিশরাও, মনে করছেন স্কালোনি। ‘মেসি এই দেশকে অনেক আনন্দ এনে দিয়েছে। সে কি, এটা তাদের বুঝতে হবে। আর আশা করি রোববার স্পেনও তার খেলা উপভোগ করবে।’

পূর্ববর্তী নিবন্ধহ্যারি কেইন খুঁজে পেয়েছেন গলদটা তাদের কোথায়
পরবর্তী নিবন্ধগোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি