ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, একটি শিশু, একটি গাছ অঙিজেনে ভরবে পাশ। তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। যে ব্যক্তি বন্ধুর জিম্মাদারি নিতে পারবে, সে একদিন দেশ ও জাতির জিম্মাদারিও নিতে পারবে। সমপ্রতি হাটহাজারী ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় হাটহাজারীর ফরহাদাবাদে বৃক্ষরোপণ অভিযান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের ২য় ও ৩য় তলা ঊর্ধ্বমুখী সমপ্রসারণ কাজের উদ্বোধন করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বক্তব্য রাখেন সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং ডিডি (হি ও নি) প্রফেসর মো. একরামুল হক।
উপস্থিত ছিলেন ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল, অধ্যক্ষ মাহবুবুল আলম, অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী, রহমত উল্লাহ চৌধুরী, শফিউল আজম। সহকারী শিক্ষক ইমরান হোসেন তালুকদার ও নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।












