কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে গত বুধবার গভীর রাতে পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে, কাকে, কী উদ্দেশ্যে গুলি ছুঁড়ছে তাৎক্ষণিক স্থানীয়রা কিছু জানাতে পারেনি। তবে পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে এ গোলাগুলির এ ঘটনা ঘটেছে।
চিৎমরমের বাসিন্দা রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী জানান, স্থানীয় বামনী পাড়া এবং চিৎমরম বাজার এলাকা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ গোলাগুলির শব্দে তিনি নিজেও ভীত হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে।
চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিৎমরমে গোলাগুলি হচ্ছে এমন খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক চৎমরম ইউনিয়নের ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত ৩০ আগস্ট চিৎমরমের পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রঘোনা থানার নোয়াপাড়ায় পাহাড়ের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।













