লোহাগাড়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে মোহাম্মদ রাহাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নাফারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রাহাত একই উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিনা বিল এলাকার মোহাম্মদ আলমগীরের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যায় শিশু রাহাত। ঘটনার দিন পরিবারের সবার অগোচরে খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।













