খাগড়াছড়িতে আহত অবস্থায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় আহত অবস্থায় একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রাণীটি স্থানীয় একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনের তত্ত্বাবধানে রয়েছে। স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য মো. আহসান জানান, মঙ্গলবার রাতে মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকায় আহত অবস্থায় বানরটিকে দেখতে পান বাসিন্দারা। পরে বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে।

মাটিরাঙা বন বিভাগের বন প্রহরী মো. হাসান বলেন, শান্তিপুর এলাকায় আহত অবস্থায় বানরটিকে পাওয়া যায়। গতকাল বুধবার এটিকে পশু হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়েছে। এর চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা উদ্বেগজনক।তিনি জানান, বন বিভাগের কার্যালয়ে প্রয়োজনীয় পরিবেশ না থাকায় প্রাণীটিকে আপাতত নিরাপদ আশ্রয়ের জন্য পিটাছড়ায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে আবার চিকিৎসার জন্য নিয়ে আসা হবে।খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, লজ্জাবতী বানর অত্যন্ত সংবেদনশীল ও বিপন্ন একটি প্রজাতি। এরা সাধারণত গভীর বনাঞ্চলে বসবাস করে এবং খুব কমই মানুষের সামনে আসে।

বন উজাড়, অবৈধ শিকার ও মানবসৃষ্ট নানা কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বানরটির চিকিৎসা চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটিকে সুস্থ করে তুলতে। সুস্থ হলে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। লজ্জাবতী বানর আইইউসিএন বা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকায় বিপন্ন বা সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়া আমির ভান্ডার দরবারে বার্ষিক বেছাল ওরশ শরীফ