কাজের উদ্দেশে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। গত শুক্রবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার তাদেরকে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আটকরা হলেন মো. নবী (৩০), আবু সিদ্দিক (২৫), সৈয়দুল আমিন (২৮), শফি আলম (৩৫) এবং সাকেরা বেগম (২৩)। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের শরণার্থী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চরপাথরঘাটা এলাকায় স্থানীয়রা তাদের দেখে সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দিলে পুলিশের কাছে তারা উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসে পরিচয় গোপন করে কর্ণফুলীতে কাজের সন্ধান করছিলেন বলে স্বীকার করেন।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, যথাযথ আইনি ব্যবস্থা শেষে আটক ৫ রোহিঙ্গাকে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।













