আমাকে অঘ্রাণের ফসল কাটা ন্যাড়া মাঠের মত
শূন্য করে দিয়ে সোনার ফসল হয়ে
তুমি উঠে গেলে ওপাড়ার বনেদি ঘরে।
জ্যোৎস্নার ঘোলা চোখে হিম জল
টুপটাপ ঝরে পড়ে, করে নিস্তব্ধ বিলাপ।
বতর দিনের গানে, ঢেঁকির তালের তলে
উবে যায়, ডুবে যায় আমাদের প্রেমের প্রলাপ।
তোমার প্রগল্ভতায় দিশেহারা ভ্রমর
গোলাপের ঘ্রাণ নিতে কাশবনে আগুন জ্বালায়।
কোনো এক কুয়াশাজড়ানো প্রাতে
রাতের সোহাগ মেখে নাইতে যদিবা
যাওগো জলের ঘাটে
দূরের আলপথে কেউ একতারা হাতে
গেরুয়া লেবাসে গাইছে সেদিনের গান
শুনবে কি কান পেতে?







