এই ভাঙাচোরা সময়ের চোখে চোখ রেখে
আমরা আবারও আলোর পৃথিবী গড়বো।
অন্ধকার যতই ঘন হোক,
মানুষের জন্য এক সর্বজনীন বিশ্বে
এক চিরসবুজ অঞ্চলে,
আমরা আমাদের অনাগত সন্তানকে
টাটকা নিঃশ্বাসের শব্দ শুনাবো।
যে পথ আজ ধুলায় ঢাকা, রক্তে ভেজা,
বিভেদের রেখায় ক্ষতবিক্ষত,
সেই পথেই একদিন ফুটাবো সমপ্রীতির কৃষ্ণচূড়া।
আমাদের শিশুরা হাত ধরাধরি করে শিখবে.
মানুষ হওয়াই পৃথিবীর সবচেয়ে বড় পরিচয়।
আমরা ঘৃণার ইট খুলে খুলে
স্বপ্নের জানালা বানাবো,
হিংসার কাঁটাতার সরিয়ে
গড়বো আকাশভরা একটাই ঠিকানা।
যে ইতিহাস আজও বিষণ্নতার কালিতে লেখা,
তার পাশে আমরা লিখবো নতুন নতুন অধ্যায়ের গল্প।
আমরা স্বপ্নের ছবি আঁকবো, রংধনু রং মেখে
প্রতিটি পাতায় শুদ্ধ মানবতার ইতিহাস লিখে যাব।
এই নষ্ট সময়কে অগ্রাহ্য করে
আমরা বিশ্বাসের বীজ বুনে যাবো,
জরায়ুতে বেড়ে ওঠা প্রতিটি হাসি
হবে শান্তির দূত।
এই পৃথিবী সত্যিই মানুষ হয়ে উঠবে,
তখন নবজাতকের প্রথম কান্নাও
শুনাবে মুক্তির গান।






