গোপন ঘ্রাণ

সঙ্গীতা ইয়াসমিন | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

স্মৃতির কখনও বিমার হয় না।

সারম্বড়ে সাজানো থাকে তার জন্মের ঠিকুজীকুষ্ঠি,

অমরত্বের কবজ নিয়ে অন্তহীন বাঁচে সে

নিউরনের দুর্বল কোষে কোষে সবিস্তার

মনমগজে গাড়ে অনড় শেকড়।

যতই থাক অবহেলায় অযত্নে

ততই বৃদ্ধি যেন সুখেরই জঞ্জাল।

দুঃখশিশুটির শাখায় শাখায়

রোদে তাপে ওমে মাতৃছায়ায়।

পরাজিত মানুষ জীবনভর

স্মৃতি তড়পিয়ে বাঁধে ঘর,

দহনে লালন করে অমৃত সম্ভার।

স্মৃতির ঘুণপোকা ড্রাকুলার মত রক্ত শোষে

মানুষ তবু স্মৃতিই পোষে

তোরঙে তুলে রাখে গোপন ঘ্রাণে

দুঃখবিলাসী গয়নার বাক্সে।

পূর্ববর্তী নিবন্ধআমাদের ভাষা আমাদের আশা
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড