রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে নৌকাভ্রমণে গিয়ে হ্রদের গভীর অংশে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে হ্রদের ২৫ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। নিহত ইনতিশার হাসনাতের (২২) বাড়ি কঙবাজারের পেকুয়া উপজেলায়। তিনি মো. বেলালের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, চট্টগ্রাম থেকে আসা চার বন্ধু মঙ্গলবার বিকেলে নৌকায় করে কাপ্তাই হ্রদে ঘুরতে যান। একপর্যায়ে তাদের নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা পানিতে গোসল করতে নামেন। এ সময় ইনতিশার হাসনাত সাঁতার কাটতে কাটতে হ্রদের গভীর অংশে চলে গেলে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট স্পিডবোটে ঘটনাস্থলে যায়। পরে হ্রদের ২৫ ফুট গভীর তলদেশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, বিকেল ৫টার দিকে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পান তারা। এরপর প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।












