লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ টিপু কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের শান্তিনগর এলাকার মোহাম্মদ শাহজাহানের পুত্র।
জানা যায়, প্রায় ১৫ দিন আগে চাকুরির সন্ধানে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বারদোনা শরীফ পাড়ায় নানার বাড়িতে আসেন টিপু। ঘটনার দিন নানা বাড়ি থেকে বের হয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় চলে আসেন। এ সময় কক্সবাজারমুখি প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় টিপু গুরতর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার দিদার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় এক তরুণ নিহত হওয়ার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করে নাই। লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, ট্রেনের ধাক্কায় নিহত এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।











