কাপ্তাই লেকে বাড়ছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলাসহ রাঙ্গামাটিতে গত দুই দিন টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। লেকে পানি বৃদ্ধির সাথে সাথে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দুই দিনের বৃষ্টিতে কাপ্তাই লেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৮৩ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ৪টি জেনারেটর সচল রয়েছে এবং ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের অসংখ্য ছোটবড় পাহাড় ও ঝর্ণাধারা থেকে পানি কাপ্তাই লেকে এসে পড়ছে। এর ফলে লেকে পানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ দিন টানা ভারী বৃষ্টি হওয়ায় লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ১, , ৪ এবং ৫ নম্বর জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের অপর একটি সূত্র জানায়, লেকে পানি বৃদ্ধি পেলেও তা আশানুরূপ নয়। কেননা ১০৯ ফুট ধারণ ক্ষমতা সম্পন্ন কাপ্তাই লেকে বর্তমানে পানি রয়েছে ৮৩ ফুটের চেয়ে একটু বেশি। এই মহুর্তে লেকে আরো ১০ ফুট পানি বেশি থাকলে বিদ্যুৎ উৎপাদনের জন্য সহায়ক হত। বর্ষা প্রায় শেষ হয়ে যাচ্ছে। অগাস্ট মাস পর্যন্ত লেকে পানি বৃদ্ধি না পেলে অক্টোবর মাসে সাধারণত ভারী বৃষ্টিপাত হয় না। তখন বিদ্যুৎ কেন্দ্রে সঙ্কটের সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত বাংলাদেশে সবচেয়ে কম খরচে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। বিদুৎ উৎপাদনের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর শত কোটি টাকা মুনাফা করে থাকে। বাংলাদেশে কর্ণফুলী পানি বিদ্যুৎ কখনো লোকসান দেবার রেকর্ড নেই বলেও জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধইসলামী আন্দোলনের কর্মীদের আরও বেশি ত্যাগ করতে হবে