কাপ্তাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন। বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন শরীফ তানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, প্রাক্তন প্রধান শিক্ষক মো. ইউসুফ এবং বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ। প্রধান অতিথির বক্তব্যে মো. কফিল উদ্দিন প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বিদায়ী শিক্ষকদের ধন্যবাদ জানান। পরে তিনি বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।










