কর্ণফুলীতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেল ৫টার দিকে উপজেলার জুলধা ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রসংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং ডাঙ্গারচরের ফয়সাল আলম (২২)।
পুলিশ জানায়, সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ১০টি স্টিলের ড্রামে রাখা ডিজেল উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে মোট ২ হাজার লিটার ডিজেল ছিল। এ সময় নৌকাটিও জব্দ করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন গতকাল সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












