কর্ণফুলীতে ডকইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় আগুন লেগে শামসুল আলম (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের তীরবর্তী এলাকায় শাহ আমানত ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। একই ঘটনায় মোহাম্মদ মান্না (২৫) নামের আরো এক শ্রমিক দগ্ধ হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিসাধীন আছেন। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মাহবুব আলীর পুত্র।
হতভাগ্য শামসুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইদ্রিস মাঝির বাড়ি এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র। তিনি কোলাগাঁও ইউনিয়নের লাখেরা নতুন পাড়া এলাকায় স্ত্রী–সন্তান নিয়ে বাসা ভাড়ায় থাকতেন। মোফাচ্ছেরুল ইসলাম আয়ান নামে ৯ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে তার।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।














