কতবার আমি মার খেয়েছি ড্রাইভারদের : গেটম্যান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর কদমতলী রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে ক্রসিং পার হওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজি টেক্সি। এ সময় ট্রেনের ধাক্কায় টেক্সি চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, টেক্সিটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে ট্রেন থামানো সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।

দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত টেক্সিটি রেললাইন থেকে সরিয়ে নেয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় সিএনজিচালক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম ও মো. সোহেল বলেন, সোনার বাংলা ট্রেন স্টেশনে প্রবেশের আগে গেটম্যান সিগন্যাল দিলেও গাড়ির চালকরা সিগন্যাল মানেননি। উল্টো দিক দিয়ে পাড়ি পার হতে গিয়ে সিএনজিটি ট্রেনের সাথে ধাক্কা খেয়েছে।

কদমতলী রেলক্রসিংয়ের গেটম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া আজাদীকে বলেন, ট্রেন আসার আগে আমি সিগন্যাল দিয়ে ক্রসিংয়ের ব্যারিয়ার ফেলে দিয়েছিলাম। কিন্তু উল্টো দিক থেকে সিএনজি টেঙিটি ঢুকে যায়। আমি অনেক চেষ্টা করেছি। আমার কথা কেউ শুনে না। আমার সাথে পুলিশ থাকলে হয়তো কেউ সিগন্যাল অমান্য করে যেতে পারত না। তিনি বলেন, ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সিগন্যাল অমান্য করে ক্রসিংয়ে ঢুকে গেলে টেঙির সাইডে ট্রেনের ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় সিএনজিটি উল্টে যায়। সিএনজিতে ড্রাইভার ছাড়া কেউ ছিলেন না। ড্রাইভার আহত হয়েছেন।

গেটম্যান বলেন, সিগন্যাল দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। ট্রেন আসার আগে সিগন্যাল দেওয়ার পর উল্টো দিক দিয়ে গাড়ি প্রবেশে বাধা দেওয়ায় অনেকবার ড্রাইভারদের হাতে মার খেয়েছি। আমার ছবি আজাদীতেও ছাপা হয়েছে। আমি গরিব মানুষ, ছেলেমেয়ে আছে, এজন্য চাকরি করছি। না হয় চাকরি ছেড়ে দিতাম।

পূর্ববর্তী নিবন্ধআমার কোনো বক্তব্যে গ্রাফিতি অঙ্কনের বিরোধিতা খুঁজে পাবেন না : মেয়র
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত