ঐতিহ্য ও আস্থার প্রতীক আজাদী

মহিউদ্দিন ইমন | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

আমি ছাত্রজীবন হতেই চট্টগ্রামের গণমানুষের প্রিয় মুখপত্র, ঐতিহ্যবাহী ও পাঠকনন্দিত সংবাদপত্র দৈনিক আজাদীর একজন নিয়মিত পাঠক। চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রথম মুসলিম প্রকৌশলী মোহাম্মদ আবদুল খালেক ১৯৬০ সালের চট্টগ্রামের মানুষের নিজস্ব কণ্ঠস্বর হিসেবে প্রথম প্রকাশ করেন পাঠকনন্দিত এই পত্রিকা। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের মাটি, মানুষ, সংস্কৃতি, আশাআকাঙ্ক্ষা এবং অবহেলিত জনপদের উন্নয়নের কথা সাহসিকতার সাথে তুলে ধরে এটি ‘চট্টগ্রামের আয়না’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দীর্ঘ পথচলায় দৈনিক আজাদী শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি বরং সত্য, ন্যায়, গণমানুষের অধিকার ও জনস্বার্থের পক্ষে সাহসী ভূমিকা রেখে সংবাদপত্রের জগতে নিজস্ব একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে।

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন ও মানুষের সুখদুঃখের সঙ্গে আজাদীর পথচলা যেন একই সুতোয় গাঁথা। দৈনিক আজাদী শুধু একটি সংবাদপত্র নয়, বরং চট্টগ্রামের মানুষের আশাআকাঙ্ক্ষা, সুখদুঃখ ও অধিকার আদায়ের অন্যতম কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা ধরে রেখে আজাদী পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

আগামীতেও বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক আজাদী আরও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা করি। দৈনিক আজাদীর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। দৈনিক আজাদী এগিয়ে যাক, মানুষের কথা বলুক নিরন্তর।

পূর্ববর্তী নিবন্ধছয় দশকের ঐতিহ্য, নিরপেক্ষতা ও দৈনিকের আলো
পরবর্তী নিবন্ধআজাদীর জন্য অফুরন্ত ভালোবাসা