এস আলম ও পি কে হালদারের মামলায় আর একজনের সাক্ষ্য বাকি

ঋণের অর্থ আত্মসাৎ

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার’ করে ৩৪ কোটি ঋণ নিয়ে আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে করা মামলায় আর একজনের সাক্ষ্য বাকি আছে। গতকাল রোববার পর্যন্ত মামলার ১৩ জন আসামির বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার জবানবন্দির দিন রাখা হয়েছে ৯ অগাস্ট। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ফাস্ট ইসলামী সিকিউরিটি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট আসাদুল আজাদ জবানবন্দি গ্রহণ করেন। এরপর কারাগারে থাকা রাশেদুল হকের পক্ষে তার আইনজীবী নিয়াজ মোরশেদ তাকে জেরা শেষ করেন। খবর বিডিনিউজের।

অপর আসামি নাহিদা রুনাইয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাবুল বেপারী জেরা পেছাতে সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে অবশিষ্ট জেরার দিন রেখেছেন ৯ অগাস্ট, যেদিন তদন্ত কর্মকর্তার জবানবন্দির দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফ হোসেন বলেন, এর আগে এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আজ একজন সাক্ষ্য দিলেন। সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার সাক্ষ্য শেষ হবে।

গত ১৯ জানুয়ারি এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত। অন্য আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক ও মো. আব্দুল্লাহ আল মামুন।

পূর্ববর্তী নিবন্ধশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল