দেশের রক সংগীতপ্রেমীদের জন্য আয়োজন করা হচ্ছে বড় পরিসরের লাইভ মিউজিক উৎসব ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। খবর বাংলানিউজের।
আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে বসবে সংগীতের মহাযজ্ঞ। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠেয় উৎসবে দেশের জনপ্রিয় কয়েকটি রক ব্যান্ড ও শিল্পী একই মঞ্চে পারফর্ম করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের উৎসবে পারফর্ম করবে অর্থহীন, অ্যাভয়েডরাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ। দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে অর্থহীন, যা উৎসবটিকে রক সংগীতপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণীয় করে তুলেছে। সংগীত, শক্তি, আবেগ ও কমিউনিটির সম্মিলিত উদযাপন হিসেবে পরিকল্পিত আয়োজন। দর্শকদের জন্য থাকছে শক্তিশালী লাইভ পারফরম্যান্সের পাশাপাশি আধুনিক স্টেজ প্রোডাকশন, সাউন্ড ও লাইটিংয়ের আয়োজন। হাজারো সংগীতপ্রেমীর সঙ্গে একসঙ্গে রক সংগীত উদযাপনের অভিজ্ঞতাও মিলবে এই উৎসবে। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’।











