একমাত্র ছেলের হাতে মা-বাবা হত্যা : রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল ২৫ জুলাই দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর গুজরা ওয়ার্ডের দেবেন্দ্র মহাজনের বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রমিরাজ দাশের সঙ্গে তার মা কল্পনা দাশ ও বাবা স্বপন দাশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কাঁচি দিয়ে প্রথমে মায়ের গলা ও পেটে এবং পরে বাবার গলা ও পেটে এলোপাতাড়ি আঘাত করে সে।

ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত স্বপন দাশের ভাই তপন দাশ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সংবাদ পেয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক রমি রাজ দাশকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রমি রাজ দাশ তার মা-বাবার একমাত্র সন্তান। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের জের ধরেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে চসিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে হবে