বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আগামী ২৮ অক্টোবর। ওইদিন সব রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। গতকাল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে ওঠে। ওইদিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। ওইদিন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। খবর বাসসের।
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের যৌথ বিবৃতিতে বলেন, শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। তিন মাস বর্ষাবাস শেষের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে ওঠে। সকল সম্প্রদায়ের মানুষ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন করে আনন্দ উৎসবে অংশ নেন। ওইদিন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূরদুরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাধা–বিঘ্নতার সম্মুখীন হবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করা গেল।












