উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত মেয়েরা

এশিয়ান গেমস ফুটবল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল সোমবার গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। জাপানের আইচিনাগায়োতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারীদের ফুটবল দিয়ে বাংলাদেশ তাদের মিশন গতকাল থেকে শুরু করেছে। কিন্তু ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরুটা মোটেই ভাল হয়নি। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোচ পিটার বাটলারের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। এমন হাইভোল্টেজ ম্যাচে তিনি শুরু থেকেই অভিজ্ঞ ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়রকে একাদশের বাইরে রাখেন। অনভিজ্ঞ তরুণদের নিয়ে গড়া দলটি স্বাভাবিকভাবেই ১১ নম্বর র‌্যাংকিংয়ে থাকা দলের প্রচণ্ড চাপ সামলাতে পারেনি। ১০৭ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের জন্য তাই দিনটি পরিণত হয় একরাশ হতাশায়। উত্তর কোরিয়া সামপ্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে আন্তর্জাতিকভাবে দারুন কিছু সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল তারা বাংলাদেশের বিপক্ষেও শক্তিশালী ফুটবল উপহার দিয়েছে। জাপানে তারা স্বর্ণপদক জয়ের অন্যতম ফেবারিট দল হিসেবে খেলতে এসেছে। বিরতির আগেই বাংলাদেশের জালে তারা সাত গোল দিয়ে দেয়। ম্যাচের ১০ মিনিটে রিয়ং জংয়ের জোড়া গোলে ব্যবধান দ্বিগুন করে উত্তর কোরিয়া। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ং গোল করে ব্যবধান ৩০ করেন। এরপর ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ংয়ের জোড়া গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫০। ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং আরও দুই গোল করেন। বিরতির পর আরও তিন গোল হজম করে বাংলাদেশ। রিং সং, জং কুম ও হান জিন হং স্কোরশিটে নাম লিখিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মাঠেই গ্রুপের আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধহাসানের বিদায়কে বড় ক্ষতি হিসেবে দেখছে কেন্ট
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও কদম মোবারক