কোরবানির ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকার রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকার তোলার চাহিদা বাড়ে। ফলে অনেক বুথের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক সময় বুথে টাকা থাকে না। এ বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রতি ঈদের মত এবারও ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
শুধু এটিএম নয়, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংক, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে সার্কুলারে। নির্দেশনায় বলা হয়, এটিএমের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে নিরসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুথে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা বুথ পরিদর্শন করবেন। পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোডের ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন সেবা নিশ্চিত করতে হবে। জাল–জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে হবে। খবর বিডিনিউজের।









