ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

ইরান যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জার্মানিতে গত সপ্তাহে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডাররা। ইসরায়েলি দুই কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে। খবর বিডিনিউজের।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপারের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও দেশের পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হয়নি। অতীতে এ ধরনের আরও বৈঠক হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৬ মাস আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পর এটিই এ ধরনের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এমন কয়েকটি উপসাগরীয় আরব দেশের সামরিক প্রধানদের জন্য বৈঠকটি ছিল সরাসরি মতবিনিময়ের এক বিরল সুযোগ। বৈঠকে এডমিরাল ব্র্যাড কুপার ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক বাহিনীর প্রধানরা অংশ নিয়েছেন।

মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা হওয়ার পরও পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে না বলে বৈঠকে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন কুপার। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।

এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামির বিভিন্ন ফ্রন্টে আইডিএফের সামরিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে সামগ্রিক ধারণা দেন।

পূর্ববর্তী নিবন্ধমক্কার কাছে হুতি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জলাশয় : যার সাথে অস্তিত্ব জড়িত