ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, মক্কা নগরীর দক্ষিণে হুতিদের ছোড়া একটি ড্রোন পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই ধ্বংস করেছে সৌদি আরবের এয়ার ডিফেন্স। গতকাল এক বিবৃতিতে মুখপাত্র তুর্কি আল–মালকি জানিযেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি বাধা দিয়ে ধ্বংস করা হয়। এটি মক্কাকে লক্ষ্যস্থল করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭–র জুলাইতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ধরনের আরেকটি প্রচেষ্টা চালানো হয়েছিল। মালকি বলেছেন, ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি মক্কায় অবস্থিত। বার্ষিক হজের কেন্দ্রস্থল এটি। এখানকার নিরাপত্তা একটি রেড লাইন। খবর বিডিনিউজের।তবে হুতি কর্মকর্তারা মক্কায় হামলার চেষ্টার কথা অস্বীকার করেছেন। ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা চলছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সৌদি আরবে হওয়া বেশ কয়েকটি হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
সৌদি আরব মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। কিন্তু হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল–ফারাহ জানিয়েছেন, তারা মক্কা নগরীতে হামলার চেষ্টা করেনি আর এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত করেছে।












