যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্প সাজানোর সময় চুরি হয়ে গিয়েছিল ইংলিশ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম। তবে স্বস্তির বিষয় হলো, দ্রুত তৎপরতায় স্থানীয় পুলিশ সেই সব মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা গেছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) লজিস্টিকস টিম যখন ভ্যান থেকে সরঞ্জাম নামাচ্ছিল, তখনই সুযোগ বুঝে দুর্বৃত্তরা ফুটবল বুট, স্পোর্টস সু এবং জাতীয় দলের বেশ কিছু জার্সি চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। দ্রুত অভিযান চালিয়ে মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে চার জোড়া বিশেষ ফুটবল বুট, পাঁচ জোড়া জুতো, প্রায় ৫,০০০ ডলার মূল্যের তিনটি অটোগ্রাফযুক্ত জার্সি, একটি অফিসিয়াল বিশ্বকাপ ফুটবল এবং বিভিন্ন ট্রেনিং কিট। এছাড়াও, দলের বেশ কিছু ব্যক্তিগত সরঞ্জামসহ একটি লেগো সেটও উদ্ধার করা হয়েছে।












