আশিয়ান কাপে খেলার ব্যাপারে সম্মতি জানানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অপেক্ষায় ছিল ফিফার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার। ইতিবাচক সাড়া মিলেছে। ফলে, আসছে আশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হতে যাচ্ছে ফিফা আশিয়ান কাপ। গত ১৩ অগাস্ট ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে। বিষয়টি নিয়ে কদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে শনিবার নির্বাহী কমিটির সভায় আশিয়ান কাপে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবরটি পেয়েছি। সেটি হলো, আশিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। ফিফাকে এরই মধ্যে আমরা নিশ্চিত করেছি যে, আশিয়ান কাপে খেলব।’ দক্ষিণ–পূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) হবে আশিয়ান কাপ। ইন্দোনেশিয়া প্রিমিয়ার ডিভিশন অংশের আয়োজন করবে এবং হংকং চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক। প্রিমিয়ার ডিভিশনে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ খেলবে।












