অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটা সিরিজ শেষ করে এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ। তবে আগের সাফল্যকে পেছনে রেখে নতুন কন্ডিশন ও প্রতিপক্ষের বিপক্ষে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবুধাবির গরমকে কোনো অজুহাত হিসেবেও দেখছেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রিপারেশন ভালো হয়েছে। কন্ডিশন তো একটু গরম, এটা থাকবে। বাট আমরা প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা একদমই এক্সকিউজ হিসেবে দেখতে চাই না।
আমার মনে হয় যে প্লেয়াররাও এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছে না।’ অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন শান্ত। নিজের শারীরিক অবস্থা নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমার পার্সোনালি হ্যাঁ, রিকভারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সুস্থ আছি। লাস্ট দুই দিন প্র্যাকটিস করেছি, ভালো ফিল করছি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য থাকলেও সেটি নিয়ে পড়ে থাকতে চান না শান্ত। তাঁর মতে, আফগানিস্তানের বিপক্ষে পরিস্থিতি ভিন্ন, তাই পরিকল্পনাও হতে হবে নতুন, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সিরিজ খেলেছি। কিন্তু আমি বিশ্বাস করি, সেটা অতীত। এটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।’ আবুধাবির উইকেট দেখে ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে হয়েছে শান্তর। তবে ধীরগতির হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি, ‘উইকেট একটু দেখার সুযোগ হয়েছে, আজকে (গতকাল) আরেকবার একটু দেখব। দেখে ভালো মনে হয়েছে, হয়তো একটু স্লো থাকতে পারে। বাট আমার মনে হয় যে ব্যাটিংয়ের জন্যে ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’ গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিও তুলে ধরেছেন শান্ত। তাঁর মতে, এই সংস্করণে আরও ধারাবাহিক হতে এখনো অনেক জায়গায় উন্নতির প্রয়োজন, ‘লাস্ট কয়েক বছর আমরা ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে এই ফরম্যাটে। তবে আমাদের স্কিল আরও উন্নত করতে হবে, ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন কন্ডিশনে খেলতে হবে। আমাদের এখনো অনেক কাজ করতে হবে এবং ধারাবাহিক হতে হবে।’ দীর্ঘদিন পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামা নিয়েও রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক। দুই দলই জয়ের জন্য মাঠে নামবে বলে মনে করেন তিনি।











