আনোয়ারায় চুরি হওয়া একটি সিএনজি টেক্সির ঘটনায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের মূলহোতা মো. এরশাদ (৩৮) ও তার সহযোগী শামীম হোতামিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ শেরশাহ কলোনি ও বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় চুরি হওয়া সিএনজি টেক্সিটি।
পুলিশ জানায়, গত ১১ জুলাই রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকা থেকে একটি সিএনজি টেক্সি চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার বহদ্দারহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে চুরি হওয়া সিএনজি টেক্সিটিও উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া এরশাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সিএনজি চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে।











