জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী ও চট্টগ্রামে নজরুলের আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল সেমিনার’ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চবির নজরুল গবেষণা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘নজরুল সেমিনার’ অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহিন। আলোচনায় অংশ নেবেন নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, চবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং ড. তাসলিমা বেগম। এছাড়াও সেমিনারে নজরুল সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা, কুইজ ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া নজরুল সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী তনুশ্রী দাস।












