লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ‘ক্লাসিকাল সুইটস’ নামে এক কারখানার মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার লোহাগাড়া সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সির পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী ওই কারখানার মালিক। তিনি একই এলাকার আকতার কামাল চৌধুরীর পুত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অভিযানে ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উৎপাদন কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













