বর্তমান তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষরা। যেখানে সাধারণ মানুষও গরমে অতিষ্ঠ, সেখানে খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর দুর্ভোগ কল্পনারও বাইরে। অনেকেরই মাথা গোঁজার ঠাঁই নেই, নেই পর্যাপ্ত খাবার বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। প্রতিদিন কোথায় থাকবে, কী খাবে, এই চিন্তাতেই তাদের দিন কাটছে।
বিশেষ করে পথশিশু, ভবঘুরে, বৃদ্ধ ও অসহায় মানুষদের অবস্থা অত্যন্ত করুণ। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যদি ছিন্নমূল সহায়তা কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে এসব মানুষ অন্তত সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেতে পারে।
এমন সহায়তা কেন্দ্রে বিশুদ্ধ পানি, প্রাথমিক চিকিৎসা, খাবার ও অস্থায়ী বিশ্রামের ব্যবস্থা রাখা যেতে পারে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই উদ্যোগ আরও কার্যকর হতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। তাই সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কেন্দ্র স্থাপন এবং তাদের মৌলিক সহায়তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
সৈয়দ শাহজাহান সিরাজ
শিক্ষার্থী,
স্নাতক ১ম বর্ষ, পশ্চিম ফরিদের পাড়া, চান্দঁগাও, চট্টগ্রাম।











