অ্যাপে ডাকা গাড়ির ভেতর পড়ে যায় ব্যাগ। সেই ব্যাগ নিতে গিয়ে গাড়ির জানালার দিয়ে হাত বাড়িয়ে দিতেই গাড়ি চালিয়ে দেয় চালক। প্রাণে বাঁচতে দরজা ধরে চিৎকার করতে থাকেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। কিন্তু অভিনেত্রীকে রাস্তার উপর টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে চালক। কিছুটা যাওয়ার পর হাত ছেড়ে দিয়ে বাধ্য হন তিনি। রাস্তার উপর পড়ে গেলে অন্য একটি গাড়ি অভিনেত্রীকে ধাক্কা দেয়। খবর বাংলানিউজের। এটি কোনও সিনেমার শুটিং নয়। মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতায় ঘটে যাওয়া এই ঘটনার জেরে আহত হন টলিউড অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। আতঙ্কিত অবস্থায় শেষ পর্যন্ত কালীঘাট থানায় অ্যাপের ট্যাক্সি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।












