চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের একটা অফিস বাঁশখালীর গুণাগরীতে আছে। সেখানে দায়িত্বরত উপ বিভাগীয় প্রকৌশলীসহ অন্যদের পাওয়া যায় না। বাঁশখালীতে তাদের অফিস হলেও তারা বসেন চট্টগ্রামে। তারা চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে বসে ঠিকাদারদের কাছ থেকে টাকা নেন। কাজের সময় গেলে তাদের পাওয়া যায় না। তিনি বলেন, বাঁশখালীর বেশ কয়েকটি খাল দখল হয়ে যাচ্ছে। বেড়িবাঁধের ঝাউবাগান কেটে নিয়ে যাচ্ছে। বেড়িবাঁধের কাজে নানা অনিয়ম হচ্ছে। এসব রোধে তাদের কোনো তৎপরতা দেখা যায় না। তিনি বাঁশখালীর কোদলা খালসহ সব খাল সংস্কারে এমপি–ইউএনও সকলের সহযোগিতা কামনা করেন।
গতকাল শনিবার দুপুরে বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমজাদ হোসেন, পৌরসভা জামায়াতের আমির আবু তাহেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।











