বান্দরবানে চাঁদার দাবিতে হুমকির কারণে ৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান–থানচি উপজেলা অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল শুরু হয়েছে। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের আশ্বাসে গতকাল বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়।
পরিবহন শ্রমিকরা জানান, পাহাড়ের সংগঠন জনসংহতি সমিতি চাঁদার দাবিতে পরিবহন শ্রমিকদের মারধর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এর ফলে নিরাপত্তাহীনতায় গত ৯ অক্টোবর থেকে বান্দরবানের সাথে থানচি উপজেলার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।
এতে ভোগান্তিতে পড়েন থানচি সড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রী, ব্যবসায়ী, রোগী, শিক্ষার্থীসহ পর্যটকরা। ৬ দিন পর আবার থানচি সড়কে বাস চলাচল শুরু হওয়ায় সবাই খুশি।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান থানচি সড়কে ফের বাস চলাচল শুরু হয়েছে।












