মীরসরাইয়ে পর্যটন উন্নয়নে গণমাধ্যম ও অংশীজনদের নিয়ে কর্মশালা

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে পর্যটনশিল্পের উন্নয়ন, সম্ভাবনা কাজে লাগানো এবং বিদ্যমান সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং মীরসরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার মীরসরাই উপজেলা সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশ নেন। কর্মশালার শুরুতে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মীরসরাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এসব পর্যটনকেন্দ্রের সুযোগ–সুবিধা, সীমাবদ্ধতা এবং পর্যটকদের জন্য বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরা হয়। পরে মিরসরাইয়ের পর্যটনশিল্পের বিকাশ, সম্ভাবনাময় স্থানগুলোর পরিচিতি বাড়ানো, পর্যটকদের সুযোগ–সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এসময় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব মতামত নথিভুক্ত করে এবং অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচড়-থাপ্পড় মারার ভিডিও ফেসবুকে, দুই জনই কারাগারে
পরবর্তী নিবন্ধ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু