নগরীর খুলশীতে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট যার কাছে জমা রাখা হয়েছিল সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মহসিন। বাড়ি লক্ষ্মীপুর জেলায়। গতকাল শনিবার খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, যে ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, সেই ভবনের ফ্ল্যাটগুলো তাদেরকে ভাড়া করে দিয়েছিলেন মহসিন।
ওসি বলেন, কয়েকদিন আগে কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসিন। তবে উক্ত মাদকের চালান ফেরত আসে। আমরা মূলত কোকেনের তথ্য খুঁজতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের খোঁজ পেয়েছিলাম। মহসিনকে কোকেনের ঘটনায় হওয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়। ৬৩ বিদেশিকে গ্রেপ্তারের ঘটনায় যে মামলা হয়েছিল সেখানেও মহসিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
গত বৃহস্পতিবার নগরীর খুলশী থানাধীন জালালাবাদ আবাসিক এলাকার ৮ তলা একটি ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।












